ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন—এমন দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল। তবে এখন পর্যন্ত স্টারমার বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
শনিবার (১৬ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক চাপ, মন্ত্রিসভায় অস্থিরতা এবং দলীয় কোন্দলের মধ্যে স্টারমার নাকি ঘনিষ্ঠদের কাছে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি উত্তরসূরি নির্বাচনের জন্য একটি সময়সূচিও নির্ধারণ করতে চান।
তবে এ দাবির পক্ষে সরকারি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ডাউনিং স্ট্রিট থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
ডেইলি মেইলের প্রতিবেদনে কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রী ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি স্টারমারকে চাপে ফেলেছে। বিশেষ করে কয়েকজন জুনিয়র মন্ত্রীর পদত্যাগ এবং দলীয় অভ্যন্তরীণ সমালোচনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আসন্ন উপনির্বাচন নিয়েও লেবার পার্টির ভেতরে তৎপরতা বাড়ছে।
তবে ব্রিটিশ রাজনীতিতে এ ধরনের অনানুষ্ঠানিক ব্রিফিং বা গণমাধ্যমভিত্তিক জল্পনা নতুন নয়। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া স্টারমারের পদত্যাগকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই বলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

