ভারতের পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-এর নাম সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (৬ মে) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, আগামী ৮ মে কলকাতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শুভেন্দু অধিকারীকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হতে পারে।
দলীয় সূত্র অনুযায়ী, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে তার নাম ঘোষণা করবেন। এতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ সুগম হবে।
গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের আইনসভার নির্বাচন হয়। এরপর ৪ মে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানকার ভবানিপুর আসনে নির্বাচন করেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু। মমতাকে ভবানিপুরে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন শুভেন্দু।
বিজেপির এ নেতা ভবানিপুরের পাশাপাশি নন্দিগ্রাম নামে একটি আসনেও নির্বাচন করেন। সেখানেও বড় ব্যবধানে জেতেন তিনি। আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন।
আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন শুভেন্দু। এ পর্যন্ত দলীয় সমর্থকদের কোনো উৎসব না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর নৃশংস হামলা এবং অফিসে ভাঙচুর করছেন।
কলকাতার নিউমার্কেটে মাংসের দোকানে হামলা বিজেপির
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে নিউমার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে আসেন বিজেপির উগ্র কর্মীরা। তারা সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের অফিসটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। ওই সময় সেখানে থাকা মাংসের দোকানেও হামলা চালানো হয়।
ব্যস্ত মার্কেটে এমন ভাঙচুর দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তারা তখন দ্রুত তাদের দোকানের সাটার বন্ধ করে দেন। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

