পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের দেওয়া ১৪ দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো সেই জবাব বর্তমানে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।
রোববার (৩ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন। খবর আল জাজিরার।
বাঘাই বলেন, ইরানের প্রস্তাবটি মূলত চলমান সংঘাত বন্ধের ওপর কেন্দ্রিত। এতে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। “আমাদের লক্ষ্য একটাই—লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো,” বলেন তিনি।
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যে মাইন অপসারণের দাবি তুলেছে, তা ইরানের প্রস্তাবের অংশ নয়। এ দাবি তাদের পরিকল্পনার সঙ্গে “মৌলিকভাবে অসংগতিপূর্ণ” বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। মার্কিন গণমাধ্যম সিএনএন এ নিয়ে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এ ধরনের পরোক্ষ বার্তা বিনিময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

