ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইজন। রোববার (৩ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় ভোর ৪টার দিকে বিবেক বিহার এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই তা উপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৪টি দমকল ইউনিট কাজ করে এবং প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দমকল বিভাগ জানায়, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত না হলেও, স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, কয়েকজন বাসিন্দার আশঙ্কা, ভবনের ভেতরে এখনও কিছু মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

