যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাতের ইতি টানতে নতুন করে সরাসরি আলোচনার সম্ভাবনা যাচাই করছে দুই দেশ। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে মঙ্গলবার (১৪ এপ্রিল) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে জানা গেছে, নতুন দফার বৈঠক আয়োজন নিয়ে এখনো আলোচনা চলছে।
মধ্যস্থতাকারী একটি দেশের একজন কূটনীতিক আরো একধাপ এগিয়ে বলেন, তেহরান ও ওয়াশিংটন এ ধরনের আলোচনায় বসতে নীতিগতভাবে সম্মত হয়েছে।
তবে সংবেদনশীল কূটনৈতিক বিষয় হওয়ায় সংশ্লিষ্ট চারজনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, আলোচনায় কারা অংশ নেবেন এবং প্রতিনিধিদলের স্তর কী হবে, তা নিয়ে এখনো কোন স্পষ্টতা নেই। একই সঙ্গে বৈঠকের স্থান ও সময় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এপি আরো জানিয়েছে, সম্ভাব্য ভেন্যু হিসেবে আবারও পাকিস্তানের ইসলামাবাদের নাম আলোচনায় এসেছে।
পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, ‘অন্য পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে’ এবং ‘তারা একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

