ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রেক্ষাপটের মধ্যেই নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, যে কোনো দেশ ইরানকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বুধবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে সামরিক সহায়তা দেওয়া হলে সংশ্লিষ্ট দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে এই শুল্ক কার্যকর হবে এবং এতে কোনো ছাড় থাকবে না।
যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি, বিশ্লেষকদের মতে, এই বার্তার মূল লক্ষ্য হতে পারে চীন ও রাশিয়া। ওয়াশিংটনের অভিযোগ, দেশ দুটি দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ নিয়ে তাদের নাম উঠে আসে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে বেইজিং ও মস্কো।
এদিকে আরেকটি পোস্টে ন্যাটোর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রয়োজনের সময় জোটটি প্রত্যাশিত সহায়তা দেয়নি এবং ভবিষ্যতেও তাদের ওপর নির্ভর করা কঠিন।
অন্যদিকে, আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার কথা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এ ধরনের কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প আলোচনার আগে ইরান ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

