আফগানিস্তানে ঈদুল ফিতর উদযাপ হচ্ছে আজ। দেশটিতে বুধবারই চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ পালন করা হচ্ছে। আফগানিস্তান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে।
তিনি বলেন, ফারাহ, হেলমান্দ ও ঘোরসহ দেশের বিভিন্ন প্রদেশে একাধিক ব্যক্তি শাওয়ালের চাঁদ দেখার সাক্ষ্য দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঈদ উপলক্ষে মানবিক পদক্ষেপ হিসেবে দেশটির সরকার বন্দীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ৪ হাজার ৫৯৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।
এছাড়া আরও ৪ হাজার ৪০৭ জন বন্দীর সাজা হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছর ঈদকে সামনে রেখে আফগানিস্তানে এ ধরনের ক্ষমা ঘোষণা দেওয়ার নজির রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া আজ ঈদ পালন করছে নাইজার এবং মালিও। গতকাল তারাও শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কথা জানায়।
প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশে দেশে ঈদের তারিখ ভিন্ন হতে পারে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

