ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অবশেষে গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এসটিএফ জানায়, গোপন ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়—বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত থেকে ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দুজনই বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
পরে ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান নেন এবং সেখান থেকে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত দুই আসামিকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

