ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। খবর প্রকাশ করেছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গঠিত এই অস্থায়ী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন। ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু অথবা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে এমন অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো গঠনের বিধান রয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া তদারকি করাই হবে অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব।
বিশ্লেষকদের মতে, চলমান সংকটময় পরিস্থিতিতে এই অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে কবে নাগাদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

