ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর এবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন, কুয়েত এবং আবুধাবিতে একাধিক বিস্ফোরণ ঘটেছে।
বাহরাইনের সরকারি সূত্র নিশ্চিত করেছে, দেশটির মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সজাগ থাকলেও, উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত অভিযান শুরু করা হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই হামলা অপরিহার্য।”
অন্যদিকে, ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকার কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম আরও দাবি করেছে, কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরেও হামলার ঘটনা ঘটেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

