মালয়েশিয়ার বোর্নিও দ্বীপসংলগ্ন সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠের প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই কম্পনের কেন্দ্রস্থল অবস্থান করছিল।
ইউএসজিএসের মতে, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির আশঙ্কা তুলনামূলকভাবে কম। এ কারণে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি।
অন্যদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮ হিসেবে নথিভুক্ত করেছে। সংস্থাটি জানায়, সাবাহ অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলের পাশাপাশি প্রতিবেশী সারাওয়াক রাজ্যের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

