AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪৮ পিএম, ৯ জুন, ২০২৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা

দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার (৯ জুন) টায়ার শহরের একটি আবাসিক এলাকায় হামলার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, প্রাচীন উপকূলীয় শহর টায়ারের একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। এর আগে সোমবার একই এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানোর সময় মঙ্গলবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, টায়ার এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলের এই অভিযান এমন এক সময়ে হলো, যখন একদিন আগে ইরান সতর্ক করে জানিয়েছিল, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে পারে।

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষ সাময়িকভাবে হামলা স্থগিত করলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনা অবস্থান অব্যাহত থাকলে তারা ওই যুদ্ধবিরতি চুক্তি মানবে না।

মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় টায়ার শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার আহ্বান জানান।

তিনি দাবি করেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অভিযান পরিচালনা করছে।

এবারের সতর্কবার্তায় টায়ারের খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোর বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে, যা তুলনামূলকভাবে বিরল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
 

সূত্র: সিএনএন

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!