দুর্নীতির অভিযোগের মুখে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন সংস্থা। ইউক্রেনের ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু) রোববার এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
নাবুর বিবৃতিতে বলা হয়, গোপনে দেশত্যাগের চেষ্টা চলাকালে সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে আটক করা হয়েছে। তিনি বহুল আলোচিত ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে সংস্থাটি জানিয়েছে।
গেরমান গালুশচেঙ্কো এক সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি মার্কিন ডলার অবৈধভাবে অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ প্রকাশ্যে আসে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অর্থের বিনিময়ে নিজের প্রভাব ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি খাতে ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে গালুশচেঙ্কোর বিরুদ্ধে। পাশাপাশি ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ও সব পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক সংস্থা এনার্জোঅ্যাটমের ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন চুক্তির বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে।
দুর্নীতির এসব অভিযোগ সামনে আসার পর গত বছরের নভেম্বরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন গালুশচেঙ্কো। এরপর থেকেই তিনি তদন্তের আওতায় ছিলেন। সর্বশেষ দেশ ছাড়ার সময় তাকে গ্রেপ্তার করা হলো।
এর আগে ২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে। গালুশচেঙ্কোর নামও সেই তালিকায় যুক্ত হয়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ইউক্রেনের প্রশাসনে দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই কারণেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার প্রক্রিয়ায় ইউক্রেনকে এখনও নানা শর্ত ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

