পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী বাস ও ভারী ট্রেইলারের সংঘর্ষে চালকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিন্ধুর খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী কোচের সঙ্গে কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারী সংস্থার বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৯ জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচির উদ্দেশে যাত্রা করছিল।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ইধি ফাউন্ডেশনের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশকে (এসএসপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দেন। একই সঙ্গে সড়কপথ সচল রাখা ও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়।
উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিন্ধুর এম-৯ মোটরওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হন। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

