ভারতের মহারাষ্ট্র রাজ্যের বারামতিতে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জরুরি অবতরণের সময় তাকে বহনকারী বিমানটি বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছাড়াও বিমানের পাইলট ও তার নিরাপত্তা দলের সদস্যরা নিহত হন। নিহতদের মোট সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করা হয়েছে।
এনডিটিভি জানায়, বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা পর বারামতিতে পৌঁছানোর সময় দুর্ঘটনার শিকার হয়। অজিত পাওয়ার সেখানে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।
জরুরি অবতরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা। তিনি প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুল বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং শিগগিরই পুনে যাওয়ার কথা রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও আলোড়ন সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

