দেশজুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক সহিংস ঘটনায় বিপুল প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই শোক কর্মসূচির ঘোষণা দেয় দেশটির সরকার।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শোক পালন করছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের তথাকথিত প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সম্মান জানাতেই এই জাতীয় শোক পালন করা হচ্ছে।
সরকারি বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রতিক সহিংসতায় দায়েশ (আইএসআইএল/আইএসআইএস)-এর কৌশলের সঙ্গে মিল রেখে বর্বর হামলা চালানো হয়েছে। এসব হামলায় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে বহু ব্যক্তি নিহত হয়েছেন। বিবৃতিতে এই সহিংসতাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয় এবং এতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়।
একই সঙ্গে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান সরকার। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ‘রাজতন্ত্রপন্থি সহিংস দাঙ্গাকারীরা’ ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও প্রাণহানি হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দাঙ্গাকারীরা সরকারি ভবন ও প্রশাসনিক দপ্তরে হামলা চালানোর পাশাপাশি সড়ক অবরোধ, পুলিশ স্টেশনে আক্রমণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর সহিংসতা চালিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

