সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একাধিক স্থাপনায় বড় পরিসরের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হয়। ‘অপারেশন হক আই স্ট্রাইক’ নামে পরিচিত এ হামলা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার জবাব হিসেবে চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, আইএসের উদ্দেশে যুক্তরাষ্ট্রের বার্তা স্পষ্ট—মার্কিন সেনাদের ক্ষতি করার চেষ্টা করলে হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং তারা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন, জবাব দেওয়া হবে।
সিবিএস নিউজকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যমতে, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ২০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুর ওপর ৯০টির বেশি নির্দিষ্ট স্থানে হামলা চালায়। এতে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোন এবং জর্ডানীয় এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের পাশাপাশি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেয়। তবে হামলায় হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

