ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে মার্কিন বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেনারা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাতে হতাহত ব্যক্তির সংখ্যা এখন ৮০-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক দু`রকমেই আছেন।
মাদুরোকে আটক করার সময় মার্কিন বিমানবাহিনী ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালায়।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ উল্লেখ করেছেন, মাদুরোর আটক প্রক্রিয়ায় ইহুদিবাদীদের কিছু পরোক্ষ ভূমিকার তথ্য পাওয়া গেছে।
কিউবার সরকার জানায়, মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন নিহত হয়েছেন। এই তথ্য সোমবার (৫ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
গত ৩ জানুয়ারি মধ্যরাতে কারাকাসের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স আটক করে। কিউবা নিহত সেনা ও গোয়েন্দাদের প্রতি দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং আটক করার সময় হামলার শিকার হন।
কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করেছেন এবং নিহত হয়েছেন। এর আগে তারা হামলাকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।”
ভেনেজুয়েলায় মাদুরোর শাসনামলের শুরু থেকে কিউবার সেনারা তার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। যুক্তরাষ্ট্রের হামলার সময় ঠিক কতজন কিউবার সেনা ও গোয়েন্দা মাদুরোর সুরক্ষা দায়িত্বে ছিলেন, তা নিশ্চিত নয়। এছাড়া, ভেনেজুয়েলার অন্যান্য এলাকায় কিউবার সেনা হতাহত হয়েছেন কি না, সেটিও স্পষ্ট নয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

