ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা জাতিসংঘ মহাসচিবকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়—এই অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি ঝুঁকিপূর্ণ নজির স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পর্যাপ্ত শ্রদ্ধা না দেখানোয় মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলার আহ্বান জানান।
একই সঙ্গে মানবাধিকারকে গুরুত্ব দিয়ে এবং আন্তর্জাতিক আইন অনুসরণ করে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।
এদিকে পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত এবং ভবিষ্যতের যেকোনো পদক্ষেপে এই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সূত্র জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। পরে তাদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা ফেডারেল হেফাজতে রয়েছেন।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানের অনুমোদন তিনি চার দিন আগেই দিয়েছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

