মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের সময় রাজধানীর ন্যাশনাল প্যালেসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। হঠাৎ সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে তিনি সাংবাদিকসহ উপস্থিত সবাইকে নিয়ে দ্রুত হলরুম ত্যাগ করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর ব্রিফিং পুনরায় শুরু হয়। তখন প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি ইতোমধ্যে গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, বেসামরিক সুরক্ষা বাহিনীকে দ্রুত মাঠে নামানো হয়েছে এবং স্বস্তির বিষয় হলো— রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের কোথাও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মেক্সিকো সিটি ও ঢাকার মধ্যে সময়ের ব্যবধান প্রায় ১২ ঘণ্টার কিছু বেশি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

