নতুন বছর উদযাপনের সময় সুইজারল্যান্ডের একটি মদের বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস মোন্টানায় অবস্থিত একটি বারে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই সেখানে আগুন ধরে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সুইজারল্যান্ডের পুলিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানায়, ‘লে কনস্টেলেশন’ নামের ওই বারে নববর্ষ উপলক্ষে উৎসব চলছিল। রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত হওয়ায় সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
এখনো পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে সুইস সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। অন্যদিকে আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিস অন্তত ৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, আহতের সংখ্যা প্রায় ১০০ জনে পৌঁছাতে পারে।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টারও ব্যবহার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের স্বজনদের জন্য আলাদা তথ্যকেন্দ্র চালু করা হয়েছে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো ক্রানস মোন্টানা এলাকায় নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দুর্ঘটনার সময় বারে একটি কনসার্ট চলছিল এবং সেখানে আতশবাজির মতো পাইরোটেকনিকস ব্যবহৃত হচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে, এই কারণেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

