ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। শুক্রবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে টুর্কের এই বিবৃতির কথা জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ওসমান হাদির ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করা কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তিনি গুরুত্বারোপ করেন যে, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করতে হলে এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতার আওতায় আনতে হবে।
টুর্ক আরও উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে এমন সহিংসতার সুষ্ঠু বিচার হওয়া অত্যন্ত জরুরি।
এদিকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল দুপুর নাগাদ মিছিল সহকারে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হাদির মরদেহবাহী বিমানটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে কফিনটি সরাসরি হিমাগারে পাঠানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়েই তাকে জাতীয় কবির পাশে সমাহিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

