ইরানে সাম্প্রতিক ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২১টি মুসলিম রাষ্ট্র। একইসঙ্গে, তারা তীব্র উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছে।
সোমবার (১৬ জুন) প্রকাশিত এক যৌথ খোলা চিঠিতে এসব দেশ এই বিবৃতি দেয়। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
চিঠিতে বলা হয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত কেবল দু’দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই—এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের সংঘর্ষ এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন বলে মনে করে দেশগুলো।
বিবৃতিতে অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার আহ্বান জানানো হয় এবং জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি—নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (এনপিটি)-এ সব দেশের স্বাক্ষর নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ১৩ জুন ভোরে ইসরায়েলি বিমান হামলার মধ্য দিয়ে শুরু হয় চলমান ইরান-ইসরায়েল সংঘাত। এতে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিহত হয়েছেন এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে এটি ছিল মুসলিম বিশ্বের প্রথম সম্মিলিত যুদ্ধবিরতির আহ্বান।
সূত্র: আলজাজিরা
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

