মেট্রোরেলের কার্ড রিচার্জের জন্য এখন আর যাত্রীদের লাইনে দাঁড়াতে হবে না কিংবা ভোগান্তি পোহাতে হবে না। ঘরে বসেই নগদ ওয়ালেটের মাধ্যমে মুহূর্তে মেট্রোরেল কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা নির্দিষ্ট লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। বর্তমানে মেট্রোরেলে র্যাপিড পাস ও এমআরটি পাস—এই দুই ধরনের কার্ড ব্যবহৃত হচ্ছে। নগদের মাধ্যমে যাত্রীরা উভয় ধরনের কার্ডই রিচার্জ করতে পারবেন।
মেট্রোরেল কার্ড রিচার্জ করতে যাত্রীদের প্রথমে র্যাপিড পাসের ওয়েবসাইট (www.rapidpass.com.bd) অথবা অ্যাপে প্রবেশ করতে হবে। র্যাপিড পাস ওয়েবসাইটে আগে নিবন্ধন করা না থাকলে ‘কার্ড রেজিস্ট্রেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে। এরপর গ্রাহকের কার্ডসংক্রান্ত তথ্য প্রদান করে কার্ড নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন শেষে সাইন ইন করে প্রয়োজনীয় কার্ড নির্বাচন করে রিচার্জের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করে ‘নগদ’ নির্বাচন করতে হবে। ভবিষ্যতে সহজে রিচার্জের জন্য নগদ গ্রাহকেরা তাদের ওয়ালেট নম্বরটি সেভ করে রাখতে পারবেন, ফলে বারবার নম্বর দিতে হবে না।
অপশন নির্বাচন শেষে নগদ নম্বর প্রদান করতে হবে এবং মেসেজে পাওয়া ওটিপি ও ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করলে কার্ড রিচার্জ সফল হবে।
অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিন (এভিএম)-এ কার্ড ট্যাপ করে রিচার্জকৃত ব্যালেন্স যুক্ত করতে হবে। রিচার্জ সম্পন্ন হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে। একটি কার্ডে একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

