দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে ১৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, আর ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৪১ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ২১১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ৮৩ হাজার ৮০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৮০ হাজার ১৯৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

