দেশের সব বেসরকারি ক্লিনিকে চলতি মাসের মধ্যেই ডেলিভারি রুম চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে এবং মশার লার্ভা দমনে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও মোবাইল স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। আগে স্যালাইনের কিছু সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং আরও স্যালাইন আনার প্রক্রিয়া চলছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কোনো রোগীর জ্বর কমে গেলেই তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে না। চিকিৎসক সম্পূর্ণ সন্তুষ্ট হওয়ার পরই রোগীকে ছাড়পত্র দেওয়া হবে। বিশেষ করে প্লাজমা লিকেজের সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিও সফলভাবে পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী থাকবেন এবং তাদের বড় একটি অংশ মিডওয়াইফারি সেবার সঙ্গে যুক্ত থাকবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

