AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাম প্রতিরোধে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

হাম প্রতিরোধে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় প্রাথমিক পর্যায়ে ৩০টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে।

ইপিআই-এর স্টোর কিপার মো. রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ইতোমধ্যে টিকা পাঠানো হয়েছে। যেসব ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু এখনো হামের (মিজেলস) টিকা গ্রহণ করেনি, তাদের তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হবে।

তিনি আরও জানান, জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এবার দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যেসব উপজেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে তার মধ্যে রয়েছে—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর উপজেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং একই সময়ে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!