চলতি এপ্রিল মাসে দেশে একাধিক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে মৃদু থেকে মাঝারি এবং তীব্র তাপপ্রবাহের পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে ৬ থেকে ৮ দিন মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ এবং ৩ থেকে ৪ দফা তীব্র (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সহ ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি এবং ৩ থেকে ৫ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, বঙ্গোপসাগরে এপ্রিলে ৩ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

