পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম এলাকায় নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বইতে পারে।
বুধবার (১ অক্টোবর) সকাল থেকে প্রভাব পড়তে শুরু করেছে। বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হয়। উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আরও নির্দেশনা অনুযায়ী, সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে আপাতত উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানিয়েছেন,
“উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। ইতোমধ্যে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার শঙ্কা রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

