গাজীপুরের শ্রীপুরে চুরির মামলা প্রত্যাহারের জন্য এক ব্যবসায়ীকে চাপ দেওয়া এবং রাজি না হলে প্রাণনাশ, মারধর ও দোকানে মাদক রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর বাজারে জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে মহসীন দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।
গত ১১ জুলাই তাঁদের দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনায় আসিফ মিয়া (২৫)-এর বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২০ জুলাই জামিনে মুক্ত হয়ে আসিফ মিয়া ইজ্জতপুর বাজারে মহসীনের দোকানের সামনে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন।

এতে রাজি না হলে মহসীন ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, ক্ষতিসাধন এবং দোকানে মাদক রেখে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মহসীন গত ২১ জুলাই শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৬১) করেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আসিফ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

