জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা আর অনুরোধের কথা চিন্তা করেই তিনি নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।
বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ `অন্তর জ্বালা`র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় `মানুষ` সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন- আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?’
তার কথায়, ‘মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে `না` বলতে হয়েছে।’
‘সব প্রজেক্টেই যখন `না` বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।’
তার কথায়, ‘এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।’
ভক্তদের জন্য আরও সুখবর দিয়ে এই তারকা জানান, শুধু এই সিনেমাই নয়, সামনে আসছে আরও বেশ কিছু চমক। মিম বলেন, ‘আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি রেডি, সেটি হলো `দিগন্তে ফুলের আগুন`।
সিনেমাটি অন্য লেভেলের হয়েছে, যা দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি খুব শিগগিরই এটি মুক্তি পাবে। এছাড়া এরই মধ্যে `লাইফ লাইন` ও `জীবন অপেরা`র কাজ শেষ করেছি। সেগুলোও একে একে সামনে আসবে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

