ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন প্রবাসে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।
সম্প্রতি বিয়ে ও সন্তান প্রসঙ্গে ভক্তদের অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত হয়ে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি সত্যিকারের ভক্ত হন এবং তার কাজ পছন্দ করেন, তবে হঠাৎ কোথাও দেখা হলে সেটি আনন্দদায়ক হতে পারে। তবে কোনো ধরনের শিষ্টাচার না মেনে যদি কেউ সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করেন-যেমন ‘আপা, বিয়ে করছেন না কেন?’—তাহলে বিষয়টি খুবই অশোভন মনে হয়।

বিয়ে, জন্ম এবং মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’
নিজের অতীত সংগ্রাম ও একাকিত্বের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সাথেই ঠিক থাকতে হবে।’

তার কথায়, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সেও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়।
এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এতো সন্দেহ কেন?’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

