ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অংশ নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে সমালোচনাও।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, কানের রেড কার্পেটে আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে তেমন গুরুত্ব দেননি। এরপরই এক নেটিজেন আলিয়ার পোস্টে কটাক্ষ করে মন্তব্য করেন, “কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি।” আরেকজন লেখেন, “কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না।”
সাধারণত ট্রোল বা নেতিবাচক মন্তব্য এড়িয়ে চললেও এবার সরাসরি জবাব দিয়েছেন আলিয়া। মার্জিত কিন্তু তীক্ষ্ণ ভাষায় তিনি লিখেছেন, “কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ।”

আলিয়ার এমন জবাব সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে। তার সমর্থনে কথা বলেছেন বলিউড অভিনেতা অ্যালি গোনিও। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। মজা না করে আমাদের উচিত তাকে সমর্থন করা।”

এ বছর দ্বিতীয়বারের মতো কানের মঞ্চে হাজির হন আলিয়া ভাট। বিভিন্ন আয়োজনে তার ফ্যাশন ও উপস্থিতি নজর কাড়ে আন্তর্জাতিক মহলেও।
কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলের নীল গাউনে দেখা গেছে তাকে। তার এই ফ্যাশন স্টাইলের প্রশংসা করেছেন করণ জোহর থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও।
বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনী আয়োজনে আলিয়ার দেশীয় সাজ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

