AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, আগামী পাঁচ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যাবে না, এমনকি কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ২১ ফেব্রুয়ারি কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি বাঙালির অধিকার আদায়ের প্রতীক। মাতৃভাষা মানুষের মৌলিক অধিকার এবং তার পরিচয়, চেতনা ও অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত। ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালে যে আত্মত্যাগ হয়েছে, তা প্রমাণ করে— সংগ্রাম ও ত্যাগ ছাড়া কোনো জাতি তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। তিনি বলেন, সাম্প্রতিক সময়েও জনগণকে অধিকার আদায়ে আন্দোলনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করেছে, যা গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

শিক্ষা মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা হলো রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। ভিত্তি দুর্বল হলে উন্নয়নের সুউচ্চ কাঠামো টেকসই হয় না। তাই শিক্ষার অবকাঠামো ও মান উন্নয়ন সবার সম্মিলিত দায়িত্ব।

শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন— পাঠ্যক্রম (কারিকুলাম), শ্রেণিকক্ষের কার্যকারিতা (ক্লাসরুম) এবং সারাদেশে শিক্ষার মানে সামঞ্জস্য (কনসিস্টেন্সি) নিশ্চিত করতে হবে। বর্তমানে দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি শিক্ষা ও বিভিন্ন ধারার মাদ্রাসাসহ নানা শিক্ষাধারা রয়েছে। এসব ধারার মধ্যে গুণগত সমন্বয় না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

ভাষা শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, জ্ঞান অর্জন ও প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। প্রাথমিক স্তরে ভাষা ও গণিত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দুটি বিষয়ে দুর্বলতা থাকলে শিক্ষার ভিত্তি শক্ত হয় না। প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠনের কথাও জানান তিনি।

তিনি বলেন, ধাপে ধাপে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে। তবে তার আগে শিক্ষার্থীদের বাংলা ভাষায় দক্ষতা নিশ্চিত করা জরুরি। অনেক শিক্ষার্থী এখনো মাতৃভাষায় সঠিকভাবে দক্ষ নয়— এই বাস্তবতা বদলাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে কঠোর নজরদারি থাকবে। দেশপ্রেমের প্রমাণ শুধু স্লোগানে নয়, কর্মক্ষেত্রেও দিতে হবে। একটি স্বচ্ছ, মানসম্মত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলেই বাংলাদেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে বিশ্বে মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!