অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।
প্রকাশিত অধ্যাদেশে বলা হয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হবে, যার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে সেগুলো একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে।
উল্লেখ্য, এসব কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ২০১৭ সালে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও, একাডেমিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।
শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে তাদের দীর্ঘদিনের আন্দোলন ও প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে। তারা এটিকে উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

