রাজধানীর সাতটি কলেজকে কেন্দ্র করে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে। এই তথ্য রোববার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটি অনুমোদন লাভ করবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশ করে জনমত গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। এছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হবে। অধ্যাদেশ জারি না হওয়ায় সম্প্রতি শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংস্কারধর্মী কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। জনদুর্ভোগ সৃষ্টি বা স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের বিশেষ আহ্বান জানানো হয়েছে।
২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। এসব কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, সকলের সহযোগিতায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, যা দেশের উচ্চশিক্ষার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

