সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি নেওয়া হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি আগের নির্ধারিত সময়েই এবং একই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহ করার প্রয়োজন হবে না।
বোর্ড সূত্রে আরও জানানো হয়, পরীক্ষার অন্যান্য নিয়মকানুন ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। শোক পালন উপলক্ষে এ সময় দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

