ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উপস্থাপন করেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোষণা করার সময় তিনি জানান, নতুন নিয়ম অনুযায়ী যেকোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিআইএন সনদ দেখাতে হবে। কর নেটওয়ার্ক সম্প্রসারণ এবং রাজস্ব আহরণ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত নিয়মে কিছু বিশেষ ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হবে না। এর মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের ব্যাংক হিসাব, নো-ফ্রিলস বা স্বল্প ব্যয়ের (যেমন ১০ টাকার হিসাব), সরকারি ভাতা গ্রহণের অ্যাকাউন্ট এবং পেনশনভোগীদের হিসাব।
দেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন থাকা বাধ্যতামূলক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগের লক্ষ্য মূলত করদাতার সংখ্যা বাড়ানো এবং আর্থিক লেনদেনকে আরও আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

