ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে জ্বালানি তেলের চাহিদা বাড়বে বিবেচনায় নিয়ে বিক্রির ওপর থাকা সব সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ ও বিক্রি করা যাবে।
তিনি জানান, তিনটি বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সম্প্রতি দেশে বেশ কয়েকটি জ্বালানি তেলের জাহাজ এসেছে, সামনে ঈদুল ফিতর এবং বোরো মৌসুম চলমান রয়েছে।
তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়বে কি না তা নিয়ে মানুষের উদ্বেগ স্বাভাবিক। তবে অর্থনীতি যতদিন চাপ সামলাতে পারবে, ততদিন জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করা হবে।
এর আগে শনিবার সরকার জানায়, রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশনে স্বাভাবিক নিয়মে জ্বালানি সরবরাহ ও বিক্রি শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

