এই মুহূর্তে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বর্তমান বাজার মূল্য ও সরবরাহ নিয়ে আমদানিকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত ১ হাজার ৩৫৬ টাকা। বিভিন্ন জায়গায় এর চেয়েও বেশি মূল্যে এলপি সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে সংবাদ এসেছে।
তিনি বলেন, খুচরা পর্যায়ে যারা বিক্রেতা আছেন, তারা অনেক সময় পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করেন। এর সঙ্গে আমদানিকারকদের সংশ্লিষ্টতা নেই। ভোক্তা পর্যায়ে যেন এমন বিড়ম্বনার শিকার না হতে হয়, কেউ যেন মার্কেট অ্যাবিউজ (সুযোগের অপব্যবহার) করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।
বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পর্যায়ে মূল্যের ক্ষেত্রে কিছু যুক্তি উত্থাপন করেছেন আমদানিকারকরা। ব্যবসা সচল রাখতে মূল্য পর্যালোচনার কথা বলেছেন।
তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের কথা বিবেচনাযোগ্য হলে বিবেচনা করতে হবে। তবে এই মুহূর্তে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

