AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫১ এএম, ২৫ জানুয়ারি, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের বিষয়টি জানানো হয়। বার্তায় এটি ‘অনিবার্য কারণ’-এ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ শীর্ষ পর্যায়ের ব্যাংকার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে মুনাফা ও আমানত সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একীভূত ব্যাংক গঠনের পর থেকেই আমানতকারীদের একাংশের মধ্যে মুনাফা না পাওয়া এবং অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ তৈরি হয়। দেশের বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্প্রতি এই ব্যাংক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন হলেও একই সময়ে নতুন কিছু আমানত জমা পড়েছে বলেও জানা গেছে।

এর আগে আমানতকারীদের গত দুই বছরের মুনাফায় ‘হেয়ারকাট’ আরোপের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। তবে সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে এসে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক চার শতাংশ হারে আংশিক মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবুও এতে পুরোপুরি সন্তুষ্ট হননি অনেক আমানতকারী।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কাঠামো অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার সরবরাহ করবে ২০ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও অন্যান্য স্থায়ী আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংগ্রহ করা হবে।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় নির্ধারণ করা হয়েছে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। আমানত উত্তোলনের ক্ষেত্রে দুই লাখ টাকা পর্যন্ত যেকোনো সময় উত্তোলনের সুযোগ থাকছে। এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরের মধ্যে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

একই নিয়ম প্রযোজ্য হবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও। পাশাপাশি স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!