ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালনের আহ্বান জানানো হলেও এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন।
তিনি বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত রাখতে সব কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে। কোনো কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে গ্রাহকসেবা থেকে বিরত থাকলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জানা গেছে, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘সচেতন গ্রাহক ফোরাম’ গত বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের বৃহস্পতিবার এক ঘণ্টার কলম বিরতি পালনের আহ্বান জানায়।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখার কিছু কর্মকর্তা কলম বিরতিতে অংশ নেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে কয়েকটি শাখায় গ্রাহকদের নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

