একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা আজ বুধবার থেকে তাদের জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। প্রাথমিক ধাপে একজন গ্রাহক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই একীভূত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
এদিকে সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পাঁচ ইসলামি ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ করে একটি স্কিম চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেসব গ্রাহকের আমানতের পরিমাণ দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় যে কোনো সময় পুরো অর্থ উত্তোলন করা যাবে। তবে যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে কিস্তিতে অর্থ উত্তোলনের ব্যবস্থা রাখা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাবের গ্রাহকেরা নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। এভাবে পুরো আমানত ফেরত পেতে সর্বোচ্চ ২৪ মাস সময় লাগতে পারে।
তবে মানবিক বিবেচনায় গুরুতর অসুস্থ— যেমন ক্যানসার বা কিডনি ডায়ালাইসিসে আক্রান্ত— আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে তারা নির্ধারিত সীমা ও সময়ের বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

