আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ২৭ ডিসেম্বর (শনিবার) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ আদেশ জারি করে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। তবে এর আগে ২৫ ডিসেম্বর (বড় দিন) থেকে শুরু করে ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) পর্যন্ত টানা তিন দিন সরকারি ও সাপ্তাহিক ছুটি রয়েছে। এই দীর্ঘ ছুটিতে ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের মনোনয়নপত্রের জামানত জমা দেওয়া এবং ভোটার তালিকার সিডি কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এই সংকট নিরসনেই ইসি থেকে কেন্দ্রীয় ব্যাংককে বিশেষ অনুরোধ জানানো হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের অর্থ ও ভোটার তালিকার সিডির মূল্য ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে শনিবার সব ব্যাংকের শাখা খোলা থাকবে।
ইসি’র সিনিয়র সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, প্রার্থীদের যাতে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্যই সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক চালু রাখার এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

