দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগকারী কমিশনাররা হলেন— মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কমিশনারদের মধ্যে মু. মোহসীন চৌধুরী ২০২৪ সালের ২ জুন, মো. আলী আকবর ২৮ আগস্ট, ফারজানা লালারুখ ৩ সেপ্টেম্বর এবং মো. সাইফুদ্দিন ২০২৫ সালের ২৯ জুলাই নিয়োগ পান।
এর আগে মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন। এর দুদিন পরই চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের ঘটনা ঘটল।
বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের খবরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘদিন ধরে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের একাংশ কর্মসূচি পালন করে আসছিলেন। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছিল।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে চেয়ারম্যান বা কমিশনারদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সরকারের পুনর্গঠন পরিকল্পনার আলোকে বিএসইসির নতুন নেতৃত্ব কবে এবং কীভাবে গঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

