সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।
সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রমে সংগঠনটির একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

