AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২১ এএম, ১৩ এপ্রিল, ২০২৬

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারদের মধ্যে মঈন এই মামলার প্রধান আসামি।

সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঈনের পাশাপাশি আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিকেডি হাসপাতালের চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে একই ঘটনায় মঈনের চার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গত ১০ এপ্রিল সকালে মঈন তার সহযোগীদের নিয়ে বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করে এবং পরে প্রায় ৫০-৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। তারা স্লোগান, গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায়।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!