নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোমল পানীয়তে চেতনানাশক দ্রব্য মিশিয়ে এক অটোরিকশা চালককে অচেতন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকার বাসিন্দা আওলাদ হোসেনের মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রায় দুই মাস ধরে একই এলাকার চালক উজ্জল ভাড়ায় চালিয়ে আসছিলেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড থেকে জান্নাত ও নুপুর আক্তারসহ চারজন যাত্রী ৩০০ ফিট এলাকায় যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেন। পরে তারা চালককে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় যেতে বলেন।
পথে প্রচণ্ড গরমের কথা বলে তারা অটোরিকশা থামিয়ে একটি কোমল পানীয় (মজো) কিনে চালক উজ্জলকে পান করতে দেন। সরল বিশ্বাসে পানীয়টি পান করার কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর অভিযুক্তরা অচেতন চালকসহ অটোরিকশাটি নিয়ে পশ্চিমগাঁও বাজারের উত্তর পাশের মোড় এলাকায় পৌঁছে চালককে সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে জান্নাত ও নুপুর আক্তারকে আটক করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অচেতন চালককে প্রাথমিকভাবে সুস্থ করে তার মোবাইল ফোন থেকে অটোরিকশার মালিককে খবর দেন।
খবর পেয়ে অটোরিকশার মালিক ঘটনাস্থলে এসে রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে হেফাজতে নেয় ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করে।
এ ঘটনায় অটোরিকশার মালিক আওলাদ হোসেন বাদী হয়ে জান্নাত ও নুপুর আক্তারসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাউদ্দিন জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

