বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত-২০২৫)-এর ধারা ৫(১) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দের পর পরিবেশসম্মত উপায়ে জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর রিপন শিকদার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্সেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার মাছের প্রজনন ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত রয়েছে। তিনি জানান, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

