ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী ও শুটার বাপ্পীর হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি।
শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে।
ঘটনার সততা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফের বাসায় অপরাধীরা অবস্থান করে শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পী দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশের পক্ষে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছিল বলে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান বলেন, যাওয়া শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
এছাড়াও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

